দুপুরের মধ্যেই ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সোমবার (১০ আগস্ট) দুপুরের মধ্যেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন: দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ফলে বৃষ্টি না হওয়া পর্যন্ত রাজধানীতে ভ্যাপসা গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
রোববার (৯ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে। মঙ্গলবার (১১ আগস্ট) সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে।





