সিংগাইরে খননকৃত খাল ভরাট করে রাস্তা নির্মাণ

Sanchoy Biswas
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ন, ১১ মে ২০২৫ | আপডেট: ৮:৩৮ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামিত্তরা ইউনিয়নের বাওদিপাড়া হাতনী চাপরাইল পর্যন্ত বিএডিসির খননকৃত সরকারি খাল ভরাট করার অভিযোগ উঠেছে। ওই খালের ওপর রাস্তা বানিয়ে ফসলি জমির মাটি কেটে সরবরাহ করা হচ্ছে ইটভাটায়। খননকৃত খালটি ভরাট করে রাস্তা নির্মাণ করায় সরকারের লক্ষ লক্ষ টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে। সেই সাথে আসন্ন বর্ষা মৌসুমে বিশাল এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাতনী জামিত্তর্া  হুটের চকে ৪টি ইট ভাটার পূর্ব পাশের খালে মাটি ফেলে রাস্তা তৈরি করে একমাস ধরে রাতের আধাঁরে ফসলি জমির মাটি কেটে ড্রামট্রাক ও মাহিন্দ্র ট্রলিতে করে ইটভাটায় মাটি বিক্রি করছে। খালটি ভরাট করে রাস্তা করায় স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হওয়ায় শুষ্ক মৌসুমে কৃষকদের সেচকাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে বর্ষা মৌসুমে  কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার  আশঙ্কা করছেন  চাষীরা। খালের পানি প্রবাহ স্বাভাবিক  রাখতে বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প ৩য় পর্যায়ের আওতায় বিএডিসি ২০২৩ সালে  লক্ষ লক্ষ টাকা খরচ করে খালটি পুনঃখনন করেন। 

আরও পড়ুন: ভোটার হতে এসে গৌরীপুরে রোহিঙ্গা যুবক আটক

জানা গেছে, বাওদি পাড়া এলাকার মাটি ব্যবসায়ী  আয়নাল ও খোকন  গংরা খালের ওপর রাস্তা বানিয়ে ফসলি জমি কেটে পাশের ৪ টি ইট ভাটায়  মাটি বিক্রি  করছে। স্থানীয়  কৃষকরা বাঁধা দিয়েও খাল ভরাট ও মাটি বিক্রি বন্ধ করতে পারছেন না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ বলেন, খননকৃত খালের কোন স্থানে  মাটি ফেলে ভরাট করছে আমাকে তথ্য দিন। ব্যক্তিগত কাজে সরকারি খাল ভরাটের কোনো নিয়ম নেই। এমনকি খাল ভরাট করে সরকারি কোনো প্রকল্পও দেওয়া যাবে না। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: ইটনায় খেয়াঘাটের ইজারাকে কেন্দ্র করে বাড়িঘরে বর্বরোচিত হামলা-ভাঙচুর