সুনামগঞ্জে পর্যটন ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনা, মা-মেয়ে নিহত
সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র টাংগুয়ার হাওরে ঘুরতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মনজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। তাঁরা ঢাকার বাসিন্দা ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের স্ত্রী ও কন্যা। মামুনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামে।
আরও পড়ুন: নিত্যপণ্যের দাম আরও বাড়বে, কঠিন সময়ের জন্য প্রস্তুতির আহ্বান মির্জা ফখরুলের
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিসিআইসির ১১ কর্মকর্তা স্বপরিবারে ঢাকা থেকে টাংগুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন। তারা সেঁজুতি ট্রাভেলসের একটি বাসে (নম্বর: ১৫-৬০৮২) রওনা দেন। ভোরে ইনাতনগর এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।
এই দুর্ঘটনায় মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া নেতাদের বহিষ্কারের দাবি
দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
য়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাদে উল্টে থাকা বাসটি উদ্ধার করে। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।





