নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় একটি ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পটুয়াখালীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত বৃদ্ধা
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মহাদেবপুর উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। বাকি তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাঠকাঠি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’
তিনি আরও জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





