ভালোবাসা দিবসেই নিখোঁজ ব্রাহ্মণবাড়িয়ার সুন্দরী গৃহবধূ, স্বামীর পুরস্কার ঘোষণা

Sanchoy Biswas
চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫৪ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেই নিখোঁজ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার এক সুন্দরী গৃহবধূ। নিখোঁজ যুবতীকে খুঁজছে পুলিশ, আর স্ত্রীর সন্ধানে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়েছেন নিখোঁজ মহিলার স্বামী। বিষয়টি এলাকায় ব্যাপক উদ্বেগ ও আলোচনা সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকচ্ছ গ্রামে। নিখোঁজের পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল আনুমানিক ৭টার দিকে কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়া এলাকার শামাউন রেজা মিঠুর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তার স্ত্রী সেজিয়া সুলতানা শাওন (২৬)। সম্ভাব্য সব স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ১৫ ফেব্রুয়ারি (রবিবার) সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭১৯) করেন তার স্বামী শামাউন রেজা মিঠু। নিখোঁজ স্ত্রীর সন্ধানদাতার জন্য বিশেষ পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের সময় মব সন্ত্রাস করেছে এনসিপির লোকজন

নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সূত্র ধরে অবিরাম অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

শাওনের স্বামী শামাউন রেজা মিঠু দৈনিক বাংলাবাজার পত্রিকাকে বলেন, “সেজিয়া সুলতানা শাওনকে খুঁজে না পেয়ে আমার পরিবার দিশেহারা হয়ে পড়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে অনুগ্রহ করে ০১৭৭৫৪২৩৫৮১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করছি। আমি অবশ্যই সন্ধানদাতাকে পুরস্কৃত করবো।”

আরও পড়ুন: শুল্ক ফাঁকি দিতে আস্ত গাড়ি কেটে আনা হয় কয়েক টুকরোয়

সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুর কাদের ভূইয়া দৈনিক বাংলাবাজার পত্রিকাকে বলেন, “নিখোঁজ গৃহবধূর সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। সম্ভাব্য সব সূত্র নিয়েই তদন্ত চলছে।” একটি স্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সেখানে একজন অফিসার দেওয়া আছে, তিনি সেখানে কাজ করছেন।”

এখন এলাকাবাসীর কান খোলা শুধু খবরের আশায়। সবার আগ্রহ—কী খবর নিয়ে শেষে হাজির হবেন সেজিয়া সুলতানা শাওন? অপহরণ, অভিমান নাকি ভালোবাসা দিবসের ব্যতিক্রমী কোনো ভালোবাসার খবর—এ নিয়েই চলছে নানা জল্পনা-কল্পনা।