রূপগঞ্জে ডাকাতির শিকার তেলের ড্রামবোঝাই ট্রাক উদ্ধার, অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এলাকায় ডাকাতির শিকার একটি তেলের ড্রামবোঝাই ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলা এলাকার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা শামসুদ্দিনের ছেলে সেকান্দর (৪০) এবং আড়াইহাজার উপজেলা এলাকার গাজীপুরা গ্রামের মৃত জ্ঞানেন্দ্র চন্দ্র শীলের ছেলে রণ চন্দ্র শীল (৩০)।
আরও পড়ুন: কাশিয়ানীতে শংকর তহসিলদারের অনুমতিতে চলছে অবৈধ মাটি উত্তোলন ও বিক্রি
পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তারাবো এলাকার শবনম ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলবোঝাই একটি ট্রাক ফুলবাড়িয়া থানা এলাকার মমতাজ ট্রেডার্সের উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি চালাচ্ছিলেন চালক বাবুল মিয়া।
বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বানিয়াদী এলাকার এলায়েট মিলস-সংলগ্ন পাকা সড়কের ওপর ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ট্রাকটির গতিরোধ করে। তারা ট্রাকসহ তেলের ড্রাম লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
আরও পড়ুন: গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার প্রথম কার্যদিবসেই উন্নয়ন ও নির্বিঘ্নে নাগরিক সেবা দেওয়ার আশ্বাস
ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানার এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার মধ্যেই ঘটনাস্থলের আশপাশ এলাকা থেকে সেকান্দর ও রণ চন্দ্র শীলকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয় এবং ডাকাতির শিকার তেলের ড্রামবোঝাই ট্রাকটি উদ্ধার করা হয়। তবে ডাকাত দলের অন্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস গাড়ি, একটি খেলনা ওয়াকি-টকি ও একটি তেলের ড্রাম জব্দ করে পুলিশ।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সবজেল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের কাজ। তারা আগে থেকেই ট্রাকটির গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে এবং অল্প সময়ের মধ্যেই দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয়। উদ্ধার করা হয়েছে ডাকাতির শিকার ট্রাক, ডাকাতদের ব্যবহৃত দেশীয় অস্ত্র, একটি হাইয়েস গাড়ি ও খেলনা ওয়াকি-টকি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





