ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, কার্যালয় ভাংচুর, পুলিশের এসপি ও এসআইসহ আহত ১৫
পাবনার ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা চালানো হয়েছে। বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয় এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও এসআইসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা পৌর শহরের পোস্ট অফিস মোড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট অতিক্রম করার সময় বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও (বহিষ্কৃত) জাকারিয়া পিন্টুর সমর্থকরা মিছিলে অতর্কিত হামলা চালায়। এসময় প্রকাশ্য পাথর নিক্ষেপ, গুলি ও ককটেল হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামলসহ ১৫ জন আহত হন। আংশকাজনক অবস্থায় মোস্তফা নূরে আলম শ্যামলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জের: দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১
সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব শহরের পোস্ট অফিস মোড়ের প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়। এসময় কার্যালয়ের সামনে থাকা সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় এবং ২৫–৩০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে এলে পাথর ও ইটের আঘাতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার ও ঈশ্বরদী থানার এসআই আতাউল ইসলাম আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের প্রধান সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী (বহিষ্কৃত) জাকারিয়া পিন্টুর সমর্থকরা ঈদের আগের রাতে পৌর শহরের ফতেহমোহাম্মদপুর এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, গুলিবর্ষণ ও লুটপাট চালিয়েছে। তিনি দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন: বাউফলে আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকা ভবন নির্মাণের অভিযোগ
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। একইভাবে জাকারিয়ার ছোট ভাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব (বহিষ্কৃত) মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ ছিল।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণের সময় ইটের আঘাতে তিনি এবং থানার এসআই আতাউল ইসলাম আহত হন।





