আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৩৮), তার স্ত্রী ইশা দাস (৩২) এবং তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ হাজার কেজি অবৈধ সারসহ ট্রাক আটক
পুলিশ জানায়, শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাড়িতে তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ।
রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস তার স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ওই বাসায় আসেন। পরে মধ্যরাতে মিষ্টি বাড়ৈ পুলিশকে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শত শত বিঘা জমি জলসিড়ি প্রজেক্টের দখলে
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তিনিই পুলিশকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা— তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।
পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।





