নজরুল জন্মজয়ন্তীতে কুমিল্লায় চারদিনের কর্মসূচি

Sanchoy Biswas
মো. মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ২২ মে ২০২৬ | আপডেট: ১১:৫০ পূর্বাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে কুমিল্লায় চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে জেলা প্রশাসন। এছাড়া বেসরকারি একাধিক সংগঠন থেকেও কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার থেকে শুরু হবে এসব কর্মসূচি। চলবে আগামী ২৫ মে সোমবার পর্যন্ত।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে নয়টায় কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটায় র‌্যালি, পৌনে চারটায় ‘চেতনায় নজরুল’ ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার বিকেল সাড়ে তিনটায় নজরুলের স্মৃতিবিজড়িত মুরাদনগরের দৌলতপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সোমবার বিকেল সাড়ে তিনটায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব স্ব সময়ে কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন: অতিবর্ষণ ও পাহাড়ধসে মৃত বেড়ে ৫৪, পানিবন্দি ১ লাখ ৫৫ হাজারের বেশি পরিবার

এদিকে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় কুমিল্লা যুব ইউনিয়ন কার্যালয়ে রাজনৈতিক ফোরাম ও সচেতন সাংস্কৃতিক ফোরামের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।