কুষ্টিয়ার বাস-ডাম্পট্রাক সংঘর্ষে নিহত ৪
কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পটুয়াখালীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত বৃদ্ধা
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রামট্রাকের (বগুড়া ড-১১-২৭০৩) সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১৩-০০৯৩) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়।
আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ১০ থেকে ১৫ জনের অবস্থা গুরুতর। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে।





