চুয়াডাঙ্গায় ককটেল ফাটিয়ে হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা, গ্রামবাসীর প্রতিরোধে আটক ১৩

Sanchoy Biswas
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬ | আপডেট: ৫:৫৩ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও ট্রাক্টর দিয়ে হিন্দু পরিবারের জমি দখল করতে গিয়ে গ্রামবাসীর হাতে ১৩ জন আটক হয়েছে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আলমডাঙ্গা বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: আশ্বাসেই সীমাবদ্ধ উন্নয়ন: গলাচিপায় কাঁচা সড়কে বন্দি শিক্ষার্থীদের ভবিষ্যৎ

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল যুবক সকালে ৫টি মোটরসাইকেল ও একটি ট্রাক্টর নিয়ে বাঁশবাড়িয়া গ্রামের শ্মশানঘাট-সংলগ্ন একটি হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা করে। এ সময় দখলকারীরা এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ট্রাক্টর দিয়ে ওই পরিবারের চাষ করা কাঁচা মরিচের গাছসহ পুরো খেত নষ্ট করে দেয়।

এ সময় পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে গ্রামবাসীরা এগিয়ে এসে দখলকারীদের ধাওয়া করে ১৩ জনকে আটক করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে নিয়ে যায়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, সফর ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা

আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাঈল জানান, জমি দখলের চেষ্টায় গ্রামবাসীর হাতে আটক হওয়া ১৩ জনকে থানায় আনা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত ৫টি মোটরসাইকেল ও একটি ট্রাক্টর। জমি দখল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।