ময়মনসিংহ ও দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ধান বীজ বিতরণ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬ | আপডেট: ৮:২৮ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়াস্থ বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয় এবং বিয়ারা জয়মনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ১ হাজার ৫০০টি ফলদ গাছের চারা এবং ১ শত কৃষকের মাঝে আমন ধানের বীজ ব্রি ধান-১০৩ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ড. আবদুল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিএসও ড. মো. ইব্রাহিম। প্রফেসর ড. মো. আহসানুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মনিটর ডা. সফিউল আহাদ সর্দার।

আরও পড়ুন: ভুলতা স্কুল অ্যান্ড কলেজে কোচিং সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষার মান নিয়ে উদ্বেগ

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধসহ দেশ গড়ায় তাঁর অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি ব্রি ধান-১০৩-এর চাষপদ্ধতি এবং গাছের রোপণ, রোপণ-পরবর্তী পরিচর্যা, সার প্রয়োগ, সেচ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই দিন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসস্থ স্কুলে ছাত্র-ছাত্রীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. এনাম উল্লাহ।

আরও পড়ুন: নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে শুরু হলো সড়কের সংস্কারকাজ