সাজেকে আটকা ৩১১ পর্যটককে নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ৩১১ জনকে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে সেখানে আটকা পড়েছিলেন শত শত পর্যটক।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: যশোরে আলোচিত ফাতাহ কমব্যাটের সদস্য আটক
জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ধসের কারণে সাজেক ভ্যালিতে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় সেনাবাহিনীর সহায়তায় ১৫০ জন পর্যটক নিরাপদে সাজেক ত্যাগ করেন।
বাঘাইহাট জোন সূত্র জানায়, শুক্রবার সকালে দ্বিতীয় দফায় আরও ৩১১ জন পর্যটককে সেনাবাহিনীর নিরাপত্তা এসকর্টে খাগড়াছড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। অবশিষ্ট প্রায় ১০০ জন পর্যটককেও পর্যায়ক্রমে নিরাপদে সরিয়ে নেওয়া হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি সাড়ে চার লাখ মানুষ
এর আগে গত মঙ্গলবার (৭ জুলাই) টানা বর্ষণ, ভূমিধস এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকির কারণে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্নের আশঙ্কায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের ওই নির্দেশনার পর নতুন করে কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেননি। তবে সিদ্ধান্ত কার্যকরের আগেই সেখানে অবস্থান করা পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী ধাপে ধাপে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।





