পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি
মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো ঐকমত্য হয়নি। সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে, শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা নির্ধারণের দাবিতে অনড় রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভা শেষে এ তথ্য জানানো হয়। দুপুর ২টায় সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে বিষয়টি জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
আরও পড়ুন: সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর
সভায় আলোচ্যসূচিতে দুটি বিষয় ছিল। এর মধ্যে রয়েছে গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।
আরও পড়ুন: সারাদিন স্বর্ণদ্বীপে কর্মসূচি, সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী
তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় সেদিনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়।
মঙ্গলবারের সভাতেও মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মজুরির পরিমাণ নিয়ে ঐকমত্য হয়নি। ফলে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে এখনো চূড়ান্ত সুপারিশ আসেনি।





