নান্দাইলের সরকারি উচ্চবিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়

Sanchoy Biswas
এবি সিদ্দিক খসরু, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ৯:০৭ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার একমাত্র চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে শনিবার বিদ্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভা করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে ব্যাপক আলোচনা করেন এবং সাম্প্রতিককালে প্রকাশিত উক্ত বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চান এবং বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের সুদীর্ঘদিন ধরে একই বিদ্যালয়ে কর্মরত থাকার বিষয়ে উপস্থিত শিক্ষকদের বিভিন্ন প্রশ্ন করেন প্রতিমন্ত্রী।

আহসান উল্লাহ নামে একজন শিক্ষক প্রতিমন্ত্রীকে জানান, নির্বাচনী পরীক্ষায় কয়েক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দিতে বিভিন্ন প্রেসার গ্রুপ আমাদের ওপর চাপ সৃষ্টি করে থাকে। চাপের মুখে সেই সুযোগ দেওয়ার পর তাঁদের কাছ থেকে ভালো ফলাফল আশা করা বৃথা। এছাড়া বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ডাকা হলেও কেউ আসেন না। বিদ্যালয়ের নথিপত্রে সংরক্ষিত ফোন নম্বরে ফোন করে অভিভাবকদের সাড়া পাওয়া যায় না।

আরও পড়ুন: মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫

হাবিবুর রহমান নামে একজন শিক্ষক জানান, বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক নেই প্রায় এক দশক ধরে। ভারপ্রাপ্ত দিয়ে কাজ চালানো হচ্ছে। অফিস সহকারীসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সবগুলো পদ শূন্য। এ ধরনের নানা সমস্যায় জর্জরিত রয়েছে সরকারি বিদ্যালয়টি।

পরে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিক্ষকদের প্রশ্ন করে জানতে চান কে কত বছর ধরে এ বিদ্যালয়ে কর্মরত আছেন। এ প্রশ্নের উত্তরে জানা যায়, কোনো কোনো শিক্ষক এই বিদ্যালয়ে ১০ বছর থেকে ২৬ বছর ধরে কর্মরত রয়েছেন। প্রতিমন্ত্রী এ তথ্য পেয়ে অবাক হয়ে যান।

আরও পড়ুন: সর্বনিম্ন বেতন কাটছাঁটের চেষ্টা হলে রাজপথে নামার হুঁশিয়ারি

প্রতিমন্ত্রী বলেন, এই বিদ্যালয়ের পড়াশোনার মান কীভাবে উন্নতি করা যায়, তা নিয়ে ঢাকায় মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন। যেসব শিক্ষক দীর্ঘসময় ধরে বিদ্যালয়ে রয়েছেন, তাঁরা যেন মানসিকভাবে অন্যত্র বদলির জন্য প্রস্তুত থাকেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি সরকারি উচ্চবিদ্যালয় এভাবে চলতে পারে না।

উল্লেখ্য, নান্দাইল চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১১৩ জন। পাস করেছে ৫৮ জন। ফেল করেছে ৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ জন।