গাজীপুরে অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৩ জন গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে যুবককে অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অপহৃত যুবকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি আইফোন-১২ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—ময়মনসিংহের গফরগাঁওয়ের মো. মামুন মিয়া (৩২), গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মো. ফাহিম (২৬) এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মো. বেলায়েত হোসেন (২৫)।
আরও পড়ুন: কুমিল্লা, বাগেরহাট, নেত্রকোনা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে শ্রীপুরের মাওনা এলাকা থেকে মো. শুভ মিয়া (১৯) নিখোঁজ হন। এ ঘটনায় ৬ সেপ্টেম্বর শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার ভগ্নিপতি মো. ইসলাম উদ্দিন।
পরে অপহরণকারীরা বিভিন্ন সময় মোবাইল ফোনে শুভর পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় মাহাদী কাশিম রিজভী ওরফে রিকিশীসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।
আরও পড়ুন: কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১
পুলিশ সুপার, গাজীপুরের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এর আগে ৯ সেপ্টেম্বর ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার পল্লী বিদ্যুৎ মোড় এলাকা থেকে পুলিশ শুভকে উদ্ধার করে।
তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মহানগর, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামুন, ফাহিম ও বেলায়েতকে গ্রেপ্তার করা হয়। এ সময় শুভর কাছ থেকে ছিনিয়ে নেওয়া আনুমানিক ৬৫ হাজার টাকা মূল্যের আইফোন-১২ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তও চলমান রয়েছে।





