আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন এবং সঞ্চালন লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের কারণে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: কুমিল্লায় লাউ চাষে চাচা-ভাতিজার সাফল্য
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন সব ফিডারে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় বিদ্যুৎহীন থাকবে বনপাড়া পৌরসভা, জোয়াড়ি, মাঝগাঁও, নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়নের বিভিন্ন এলাকা। এছাড়া দুয়ারিয়া ও দুয়ারি ইউনিয়নের কিছু অংশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: নরসিংদীতে দু'পক্ষের গোলাগুলি, নিহত ১
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।





