উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার বেহাল চিত্র
কুড়িগ্রামের উলিপুরে টিটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান, শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি, শ্রেণিকক্ষে পাঠদান এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সরেজমিনে বিদ্যালয় পরিদর্শনে শিক্ষক-শিক্ষিকাদের অনুপস্থিতি, শ্রেণিকক্ষে পাঠদানের ঘাটতি, অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অসংগতি দেখা গেছে। এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
জানা গেছে, ১৯০২ সালে প্রতিষ্ঠিত টিটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১ জুলাই ২০১৯ সালে জাতীয়করণ করা হয়। ২০২৬ সালের তথ্য অনুযায়ী, বিদ্যালয়টিতে মোট শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৬ জন এবং শিক্ষার্থী ১২০ জন। তবে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব মিলিয়ে মাত্র ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী উপস্থিত থাকতে দেখা যায়।
আরও পড়ুন: রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ
পরিদর্শনকালে ছয়জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা সহকারী শিক্ষিকা মোছা: সেলিনা বেগম ও মোছা: পারভিন আক্তার নামে তিনজন শিক্ষিকাকে অনুপস্থিত পাওয়া যায়। উপস্থিত তিনজনের মধ্যে সহকারী শিক্ষক মোঃ মোকসেদুর রহমান সহ দুজন শিক্ষককে অফিসকক্ষে অবস্থান করতে দেখা যায়। এ সময় শ্রেণিকক্ষে শিক্ষকদের উপস্থিতি না থাকায় শিক্ষার্থীদের পাঠদানের পরিবর্তে নিজেদের মধ্যে খোশগল্পে মেতে থাকতে দেখা যায়। এছাড়া বিদ্যালয়ের নোটিশ বোর্ডে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও উপবৃত্তির সুবিধাভোগী শিক্ষার্থীদের তালিকা এবং ম্যানেজিং কমিটির সদস্যদের নামসংবলিত তথ্য প্রদর্শিত না থাকার বিষয়টিও নজরে আসে। সব মিলিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত না হওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখার মান ক্রমেই নিম্নমুখী হচ্ছে। বিদ্যালয়ের মো. সাইফুল ইসলাম নামে এক শিক্ষকের বিরুদ্ধে হাজিরা খাতায় স্বাক্ষর করার পর বিদ্যালয়ে অবস্থান না করার অভিযোগ রয়েছে। একইভাবে উলিপুর রেলগেট সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডেপুটেশনে আসা মোছা. সেলিনা বেগমের বিরুদ্ধেও বিদ্যালয়ে উপস্থিত না হয়ে অন্য শিক্ষকদের মাধ্যমে হাজিরা খাতায় স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ করেছেন অভিভাবকরা। তাঁদের দাবি, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও ওই শিক্ষিকা বেতন-ভাতা উত্তোলন করছেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
অভিভাবকদের প্রশ্ন, শিক্ষক-শিক্ষিকারা যদি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকেন এবং শ্রেণিকক্ষে পাঠদান না করেন, তাহলে শিক্ষার্থীদের পড়ালেখার দায়িত্ব পালন করবে কে? তাঁদের মতে, এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়বে।
শুধু পাঠদান নয়, বিদ্যালয়ের পরিচ্ছন্নতা ও পরিবেশ নিয়েও অসন্তোষের চিত্র দেখা গেছে। শ্রেণিকক্ষ অপরিষ্কার, বিদ্যালয় প্রাঙ্গণে শুকানোর জন্য গাছের ডালপালা ও পাতা ফেলে রাখা এবং বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকতে দেখা যায়। এতে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে কয়েকজন শিক্ষার্থীর কাছে শ্রেণিকক্ষের নাম বাংলা ও ইংরেজিতে বানান করে জানতে চাইলে তারা সঠিকভাবে উত্তর দিতে পারেনি। এছাড়া কিছু শিক্ষার্থীকে বিদ্যালয়ের নির্ধারিত পোশাক ছাড়া এবং অপরিচ্ছন্ন পোশাকে উপস্থিত থাকতে দেখা যায়। এসব চিত্র বিদ্যালয়ের পাঠদান, তদারকি ও সার্বিক ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এ বিষয়ে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) আবুল কালাম আজাদ বলেন, টিটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরাএনজিওর সভায় অংশ নিতে গেছেন। পারভিন আক্তার নামে একজন শিক্ষিকা অসুস্থতাজনিত কারণে ছুটিতে রয়েছেন। আর সেলিনা বেগম ডেপুটেশনে আসায় তাঁর বিষয়ে কীভাবে খোঁজখবর রাখা হয়েছে, তা নিয়ে তিনি অবগত নন বলে জানান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার বলেন, সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৯০২ সালে প্রতিষ্ঠিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন পরও শিক্ষার মান, শিক্ষক উপস্থিতি, শ্রেণিকক্ষে পাঠদান ও পরিচ্ছন্নতা নিয়ে কেন এমন অভিযোগ উঠছে—এ প্রশ্ন এখন অভিভাবক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের দাবি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতির বিষয়টি হাজিরা খাতা ও বাস্তব উপস্থিতির সঙ্গে মিলিয়ে দেখা, ডেপুটেশনে থাকা শিক্ষিকার কর্মস্থলে উপস্থিতি যাচাই, নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক অনিয়ম তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রকৃত শিখন-অর্জন যাচাই করে বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁরা।





