শরীয়তপুরে যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেক বাসের ধাক্কায় নিহত ২

Sanchoy Biswas
মিরাজ পালোয়ান, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:১৭ পূর্বাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের নাওডোবা পদ্মা সেতু এলাকায় যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেক যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ সরদার ও ইউনুস মোল্লা নামের দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নাওডোবা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উভয় বাসের যাত্রীসহ অন্তত ১২ জন যাত্রী আহত হন।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

নিহত আকাশ সরদার গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি এলাকার বাহারুল সরদারের ছেলে এবং নিহত অপরজন ইউনুস মোল্লা গোপালগঞ্জ সদরের বাসিন্দা। তাদের একজন স্টার এক্সপ্রেস পরিবহনের চালকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নাওডোবা গোলচত্বর এলাকায় বাসস্ট্যান্ডে যাত্রী নামাচ্ছিল খান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। এ সময় পেছন দিক থেকে আসা স্টার এক্সপ্রেস নামের আরেকটি যাত্রীবাহী বাস যাত্রী নামানো পরিবহনটিকে ধাক্কা দেয়। এতে দুটি পরিবহনের একটির পেছনের অংশ এবং আরেকটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় গাড়ি দুইটির মাঝে চাপা পড়ে আকাশ সরদার নামের স্টার এক্সপ্রেস গাড়ির চালকের হেলপার নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাইওয়ে ও পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ। এ সময় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: লাকসাম জংশনে মেঘনা এক্সপ্রেস দুর্ঘটনা: বগি লাইনচ্যুত, আহত ৫

সেতু দক্ষিণ থানার ওসি শাহ আলম বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।