মৌলিক গান নিয়ে ফিরলেন কুসুম শিকদার

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪৮ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তারকা কুসুম শিকদার। অভিনয়, নির্মাণ ও লেখালেখির ব্যস্ততার মধ্যে দীর্ঘ বিরতির পর আবারও মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন তিনি। নতুন এই গানের শিরোনাম ‘প্রবল ঘোর’। এর মধ্য দিয়ে প্রায় ৯ বছর পর নিজের লেখা মৌলিক গান প্রকাশ করলেন এই তারকা।

‘প্রবল ঘোর’ গানের কথা লিখেছেন কুসুম শিকদার নিজেই। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী। তবে গানটির রেকর্ডিং হয়েছিল আরও আগে, ২০২০ সালে করোনা মহামারির সময়। নানা কারণে তখন গানটি প্রকাশ করা সম্ভব হয়নি। অবশেষে মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে শ্রোতাদের কাছে পৌঁছেছে গানটি। এর আগে ২০১৭ সালে ‘নেশা’ শিরোনামে নিজের সর্বশেষ মৌলিক গান প্রকাশ করেছিলেন কুসুম। দীর্ঘ বিরতির পর নতুন গান প্রকাশের পেছনের গল্পও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা

কুসুম শিকদার বলেন, ‘এখনো কোথাও গেলে “নেশা”র কথা বলে কেউ কেউ। সেই গানের প্রসঙ্গ টেনে নতুন গান করতে উৎসাহ দেন অনেকে। ভাবলাম একটা গান রেকর্ড করা আছে যেহেতু, সেটিই বের করি। করোনা পরিস্থিতির কারণে তখন আর এটি নিয়ে এগোনো হয়নি।’

প্রহর ডাঙ্গা পিকচার্সের ব্যানারে নির্মিত হয়েছে ‘প্রবল ঘোর’-এর মিউজিক ভিডিও। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে। ভিডিওতে কুসুম শিকদারের সঙ্গে মডেল হিসেবে দেখা গেছে শের শাহ রাসেলকে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নকুল সরকার।

আরও পড়ুন: ভারতের প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগের আন্দোলনে আটক অভিনেতা ইমরান খান

এর আগে কুসুম শিকদারের গাওয়া রবীন্দ্রসংগীত ‘তুমি কোন কাননের ফুল’-এর মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন নকুল সরকার। এবার ‘প্রবল ঘোর’-এর ভিডিও নির্মাণের মধ্য দিয়ে আবারও একসঙ্গে কাজ করলেন তাঁরা।

কুসুম শিকদারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘প্রবল ঘোর’-এর মিউজিক ভিডিও। দীর্ঘ বিরতির পর তাঁর নতুন এই সংগীতযাত্রা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ভক্ত ও শ্রোতাদের মধ্যে।