শেখ হাসিনাসহ ১৭ আসামির দুর্নীতির মামলার রায় ঘিরে ঢাকার আদালত এলাকায় কড়া নিরাপত্তা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৫৯ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সিদ্দিক ও ভাগ্নি এবং যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা দুর্নীতির মামলার রায়কে সামনে রেখে সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকার আদালত এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা এই মামলার রায় বেলা ১১টার দিকে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন ঘোষণা করবেন।

সোমবার (১ডিসেম্বর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে প্রবেশের মুখে অতিরিক্ত তল্লাশিচৌকি বসানো হয়। আদালত চত্বর ও আশপাশের এলাকায় পুলিশি উপস্থিতি চোখে পড়ার মতো বাড়ানো হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্রাপুর ও কোতোয়ালি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি র‍্যাবের টহল টিমও আদালত এলাকায় মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: ৩৪১ পুলিশ সদস্য পাচ্ছেন আইজিপি পদক

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান বলেন, নিয়মিত সদস্যদের পাশাপাশি অতিরিক্ত আরও দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে দুই প্লাটুন বিজিবির সদস্য দায়িত্বে আছেন। তিনি জানান, রায়কে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা বাড়ানো হয়েছে, এখনো পর্যন্ত কোনো শঙ্কা নেই।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মামলার একমাত্র কারাবন্দী আসামি—রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা পলাতক বা জামিনে রয়েছেন। গত ২৫ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক আজকের দিনকে রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন।

আরও পড়ুন: এসপি ওসি নিয়োগে গুরুতর অনিয়ম ও বাণিজ্য

শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক ছাড়াও এই মামলার অন্য ১৪ আসামি হলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, রাজউকের সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

রায় ঘোষণার সময় ঘনিয়ে আসায় আদালত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা পুলিশের সদস্যরাও তৎপর রয়েছেন।