ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর

Any Akter
বাংলাবাজার পত্রিকা
প্রকাশিত: ১:২১ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:২১ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাংবাদিক আনিস আলমগীর এখনো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে অবস্থান করছেন। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রোববার সন্ধ্যায় তাকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, আনিস আলমগীর এখনো ডিবি কার্যালয়ে রয়েছেন। তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আনিস আলমগীরের ডিবি কার্যালয়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে আনিস আলমগীরকে ডিবির কার্যালয়ে নেওয়ার কথা জানানো হয়।

আরও পড়ুন: নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

এর আগে রোববার রাত সাড়ে আটটার দিকে আনিস আলমগীর মুঠোফোনে সংবাদমাধ্যমকে বলেন, ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রধান তার সঙ্গে কথা বলবেন।

আনিস আলমগীর আরও জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ধানমন্ডি থেকে নেওয়া হয় এবং রাত আটটার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। এরপর থেকে তিনি সেখানে অপেক্ষায় রয়েছেন। তখন পর্যন্ত ডিবি প্রধানের সঙ্গে তার কথা হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন: বিজিবির বিশেষ অভিযান,বড়লেখা সীমান্ত থেকে বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার

উল্লেখ্য, সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টক শোতে দেওয়া বক্তব্যের কারণে তিনি আলোচনায় ছিলেন।