পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ১২:১০ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মো. ফজলুল করিম, বিপিএম-সেবা। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে গাজী আলতাফুজ্জামানের বিরুদ্ধে দুদকের পদক্ষেপ

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং পুলিশ সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ ধরনের উদ্যোগ পুলিশ সদস্যদের নৈতিক ও মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: ১০ জেলার পুলিশ সুপার বদলি

অনুষ্ঠানে আইজিপি প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

আজান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন চট্টগ্রাম জেলার কনস্টেবল মো. মনিরুল ইসলাম, দ্বিতীয় হন ৩ এপিবিএন-এর নায়েক আবু মুসা এবং তৃতীয় হন আরএমপি রাজশাহীর এএসআই (সশস্ত্র) মো. ওমর ফারুক।

কেরাত প্রতিযোগিতায় প্রথম হন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের লিনেন কিপার মো. আব্দুল আউয়াল, দ্বিতীয় হন ৩ এপিবিএন-এর নায়েক আবু মুসা এবং তৃতীয় হন ময়মনসিংহ রেঞ্জ অফিসের কনস্টেবল আরিফুল ইসলাম।

হামদ ও নাত বিভাগে প্রথম হয়েছেন ১১ এপিবিএন-এর নারী কনস্টেবল নাদিয়া নাছরিন নূপুর, দ্বিতীয় হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েক মো. রাকিবুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন বিএমপি বরিশালের কনস্টেবল এস এম মশিউর রহমান।

“নাগরিক হয়রানি বন্ধে ইসলাম” শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হবিগঞ্জ জেলার কনস্টেবল জুনায়েদ বিন মর্তুজ, দ্বিতীয় হয়েছেন ৪ এপিবিএন-এর কনস্টেবল আ ম মো. উমর ফারুক বায়েজিদ এবং তৃতীয় হয়েছেন আরআরএফ রংপুরের নারী কনস্টেবল মোছা. এসমোতারা খাতুন।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে আয়োজিত প্রাথমিক প্রতিযোগিতায় বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন।