টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং সীমান্ত এলাকায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ৭০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপি’র একটি বিশেষ টহলদল চৌধুরীপাড়া বিজিবি পোস্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহভাজন পাচারকারীদের চ্যালেঞ্জ করলে তাদের সহযোগীরা লবণক্ষেত থেকে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি

পরে ধাওয়া দিয়ে নাফ নদীর তীরবর্তী এলাকা থেকে মো. তোফায়েল (২১) ও মো. ইউনুস (৩৩) নামে দুই পাচারকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে বায়ুরোধী প্যাকেটে সংরক্ষিত ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে একই দিন সন্ধ্যায় হোয়াইক্যং বিওপি’র একটি টহলদল ক্যারেঙ্গাঘোনা এলাকায় অভিযান চালিয়ে মো. সিফাত (২০) নামে আরও এক পাচারকারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আরও পড়ুন: বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর

দুই অভিযানে উদ্ধার করা মোট ৭০ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”