সারা দেশে ২০০টি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করবে বিশ্বসাহিত্য কেন্দ্র ও মেটলাইফ ফাউন্ডেশন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ন, ১০ মে ২০২৬ | আপডেট: ৯:৫৪ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে বইপড়া ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে যৌথ উদ্যোগ নিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও মেটলাইফ ফাউন্ডেশন। ২০২৭ সালের মধ্যে দেশের বিভিন্ন জেলায় মোট ২০০টি ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করবে প্রতিষ্ঠান দুটি।

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধি করা।

আরও পড়ুন: শিল্পকলা একাডেমির মঞ্চে বাগেরহাট থিয়েটার ও শব্দকল্পদ্রুমের ‘ডাকঘর’

আয়োজকরা জানান, ভ্রাম্যমাণ বইমেলাগুলো দেশের বিভিন্ন জেলা শহরে ঘুরে ঘুরে অনুষ্ঠিত হবে। এসব মেলায় পাঠকরা বিভিন্ন বিষয়ের মানসম্মত বই সংগ্রহ ও ক্রয়ের সুযোগ পাবেন। পাশাপাশি সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতিভিত্তিক নানা আয়োজনেও অংশ নিতে পারবেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, একটি জাতির প্রকৃত উন্নয়ন বইয়ের প্রতি মানুষের ভালোবাসার মধ্যেই নিহিত। মানুষের দোরগোড়ায় মানসম্মত বই পৌঁছে দেওয়ার মাধ্যমে এই ভ্রাম্যমাণ মেলাগুলো পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: শিল্পকলা একাডেমিতে আজ আবৃত্তি প্রযোজনা ও শ্রুতি নাটক ‘ডাকঘর’

তিনি আরও বলেন, এ উদ্যোগ মানুষের মধ্যে কৌতূহল, চিন্তাশীলতা এবং মুক্তবুদ্ধির চর্চা বাড়াতে সহায়ক হবে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মেটলাইফ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বই ও সংস্কৃতিকে মানুষের কাছে পৌঁছে দিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে তারা আনন্দিত।

এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো একসঙ্গে কাজ করছে প্রতিষ্ঠান দুটি। আয়োজকদের তথ্যমতে, ২০২৫ সালে মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় ১২৮টির বেশি ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নিয়েছিলেন দুই লাখেরও বেশি দর্শনার্থী।