চতুর্থবার স্পিকার হলেন শিরীন শারমিন চৌধুরী
টানা চতুর্থবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হকের সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। বৈঠকের শুরুতে স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। যার প্রতি সমর্থন জানান চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কণ্ঠভোটে শিরীন শারমিন চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন ডেপুটি স্পিকার শামসুল হক। এরপর সংসদ ভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন শিরীন শারমিন চৌধুরী।
আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির
জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল তৎকালীন জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর স্পিকারের পদটি শূন্য হয়। এরপর সংরক্ষিত সংসদ সদস্য তৎকালীন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী ৩০ এপ্রিল স্পিকার হিসেবে নির্বাচিত হন।
তিনি ২৪ জানুয়ারি ২০১৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ আবারো সরকার গঠন করলে শিরীন শারমিনকে দ্বিতীয়বারের মতো স্পিকার নির্বাচিত করা হয়।
আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে এখন পর্যন্ত তিনি স্পিকার হিসেবে দায়িত্বরত রয়েছেন। অত্যন্ত মেধাবী ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন-সিপিএর নির্বাচিত প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট। সংসদ পরিচালনা ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে তার দক্ষতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।





