প্রথম সন্তানের বাবা-মা হলেন ডিলান স্প্রাউস ও বারবারা পালভিন

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:১৮ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন হলিউড অভিনেতা ডিলান স্প্রাউস ও মডেল বারবারা পালভিন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানিয়েছেন তারা।

জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর লেবার ডে-তে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বারবারা। মেয়ের নাম এখনো প্রকাশ করেননি এই তারকা দম্পতি। তবে মজা করে নিজেদের পোস্টে লিখেছেন, ‘এবার লেবার ডে-কে সত্যিই আক্ষরিক অর্থে নিয়েছি।’

আরও পড়ুন: রাজকীয় সাজে নজর কাড়লেন ঐশ্বরিয়া

পোস্টে দেখা যায়, টেলিভিশনে খেলা দেখার সময় ডিলান ও বারবারা তাদের মেয়েকে মাঝখানে রেখে পেছন ফিরে দাঁড়িয়ে আছেন। তিনজনের পরনেই ছিল লস অ্যাঞ্জেলেস ডজার্সের জার্সি।

ডিলান ও বারবারার প্রেমের সম্পর্কের পর ২০২৩ সালের জুলাইয়ে বিয়ে করেন তারা। চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রথম সন্তানের আগমনের খবর জানান এই দম্পতি। পরে জুলাইয়ে ডিলানের পডকাস্টে তারা জানান, সন্তানটি মেয়ে।

আরও পড়ুন: ‘দ্য ভ্যান’ থেকে ‘ইয়ে প্রেম মোল লিয়া’, বলিউডে ছটপূজার নতুন উপস্থিতি

সে সময় মেয়েকে আদর করে ‘প্রিন্সিপেসা’ নামে ডাকতেন তারা। ইতালীয় এই শব্দের অর্থ ‘রাজকন্যা’। তবে মেয়ের আসল নাম নিয়ে তখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বলে জানিয়েছিলেন দুজন।

কন্যাসন্তানের বাবা হওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত ডিলান। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাদের পরিবারে দীর্ঘ সময় পর একটি কন্যাশিশুর জন্ম হতে যাচ্ছে। তাই বাবা হিসেবে মেয়েকে বড় করার অভিজ্ঞতা তার জন্য সম্পূর্ণ নতুন হলেও বিষয়টি নিয়ে তিনি ভীষণ আনন্দিত।

নতুন অতিথিকে ঘিরে এখন ব্যস্ত সময় কাটছে ডিলান ও বারবারার। ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিনন্দন জানাচ্ছেন।