ইবির দুই শিক্ষার্থীকে আটকের পর পরিবারের উপস্থিতিতে বিয়ের সিদ্ধান্ত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৪ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় স্থানীয় লোকজন আটক করার পর তাদের পরিবারের উপস্থিতিতে সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উদ্যোগে উভয় শিক্ষার্থীর লিখিত সম্মতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে মাদরাসা মসজিদ-সংলগ্ন একটি কাঁঠালবাগান থেকে তাদের আটক করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

আরও পড়ুন: ঢাবি-ফ্রান্স দূতাবাসের যৌথ উদ্যোগে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা প্রশিক্ষণ শেষ

জানা গেছে, আটক দুই শিক্ষার্থীর মধ্যে একজন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র এবং অন্যজন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী। স্থানীয়দের দাবি, গত কয়েক দিন ধরে তারা রাতের সময় ওই এলাকার বাগানে যাতায়াত করছিলেন। শুক্রবার রাতে বাগানের ভেতরে দুই ঘরের মাঝামাঝি এলাকায় অবস্থান করার সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন।

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: ঢাবিতে শেখ মুজিবসহ ৫ হলের নাম পরিবর্তনের সুপারিশ

আলোচনা শেষে দুই শিক্ষার্থীর লিখিত সম্মতির ভিত্তিতে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আটক ছাত্র শিক্ষার্থী বলেন, তাদের মধ্যে গত সাত-আট মাস ধরে সম্পর্ক রয়েছে। নিজের ভুল স্বীকার করে তিনি ওই শিক্ষার্থীকে বিয়ে করতে সম্মত হওয়ার কথা জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি জানার পর তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষার্থীকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসেন। পরে উভয় পক্ষের সম্মতিতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।