মিরপুরে পরিত্যক্ত মার্কেট থেকে যুবকের মরদেহ উদ্ধার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৩১ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি সিটি করপোরেশন মার্কেট থেকে সুমন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে প্রায় দুই দিন আগে হত্যা করা হয়েছে। মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরের বিভিন্ন অংশেও জখম পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরপুরের প্যারিস রোডে অবস্থিত ছয়তলা ওই মার্কেটটি এক দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শুক্রবার গভীর রাতে মার্কেটের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখেন এলাকাবাসী। পরে নিচতলায় ঢুকে তারা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

আরও পড়ুন: এবার দুর্গাপূজায় মিলছে টানা ছুটি, কারা কতদিন পাবেন?

ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন জানান, মরদেহটি দেখার পর তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সেনাবাহিনীর সহযোগিতাও নেওয়া হয়। পরে যৌথ অভিযানে মার্কেটের ভেতরে তল্লাশি চালিয়ে মরদেহটি মানুষের বলে নিশ্চিত করা হয়।

পুলিশের তথ্যমতে, নিহত সুমন মিরপুর এলাকার একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। চলতি মাসের ১২ তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমগীর জাহান জানান, নিহতের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং দ্রুতই বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: পাইকপাড়াসহ আশপাশের এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জানান, সুমনের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল বলে তাদের জানা নেই। পরিবারের এক সদস্য বলেন, নিখোঁজ হওয়ার রাতে পরিবারের লোকজন বারবার ফোন করলেও সুমনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভোরের দিকে তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, সুমন ছিলেন শান্ত স্বভাবের ও নিরীহ মানুষ। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত ওই মার্কেটটিতে আগেও একাধিকবার অপরাধ ও হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় প্রতি বছরই সেখানে এমন ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে দ্রুত মার্কেটটি সংস্কার অথবা সম্পূর্ণ ভেঙে ফেলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।