গণসংযোগে জনতার প্রত্যাশা, পরিবর্তনের প্রতিশ্রুতি ড. এম এ কাইয়ুমের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩১ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো রাজধানীতেও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় ঢাকা-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

গতকাল বিকেলে অনুষ্ঠিত এই গণসংযোগে ড. এম এ কাইয়ুম সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকাবাসীর নানা সমস্যা, প্রত্যাশা ও দীর্ঘদিনের বঞ্চনার কথা শোনেন। গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও পড়ুন: শিক্ষার্থীরা সরে গেলেও সাতরাস্তা এলাকায় যানজট কমেনি

গণসংযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেন, “আমি ঢাকা-১১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে চাই। এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।”

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা-১১ আসনের মানুষ নিরাপত্তাহীনতা, অপরিকল্পিত নগরায়ন ও অব্যবস্থাপনার শিকার। এই এলাকার মানুষ শান্তিতে থাকতে চায়, নিরাপদ পরিবেশে সন্তানদের বড় করতে চায়। আমি সেই নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে দিতে চাই।

আরও পড়ুন: ধানের শীষের পক্ষে ঢাকা-১৭ আসনে বিএনপির ব্যাপক জনসংযোগ

বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম আরও বলেন, নির্বাচিত হলে ঢাকা-১১ আসনকে একটি আদর্শ মডেল আসন হিসেবে গড়ে তোলা হবে। ঢাকা-১১ হবে এমন একটি আসন, যেখানে থাকবে না কোনো ধর্মীয় বা বর্ণভিত্তিক বৈষম্য। এখানে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। রাষ্ট্রের নাগরিক হিসেবে সবাই সমান—এই নীতিই হবে আমার রাজনীতির ভিত্তি।

ঢাকা-১১ আসনের মাটি ও গণমানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতির মাধ্যমেই একটি টেকসই ও মানবিক সমাজ গড়া সম্ভব। ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ বঞ্চিত হবে না। আমি চাই সবাইকে সঙ্গে নিয়ে একটি মানবিক ঢাকা-১১ গড়ে তুলতে।

গণসংযোগে ড. এম এ কাইয়ুম আরও বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়।

“আমি জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে সংসদে যেতে চাই। ক্ষমতার জন্য নয়, দায়িত্ব পালনের জন্যই আমার এই নির্বাচন।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ঢাকা-১১ আসনের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য তারা ঐক্যবদ্ধ। এই আসনের মানুষ যদি আমাকে সুযোগ দেয়, আমি তাদের হয়ে কাজ করতে চাই। কথা দিয়ে কথা রাখার রাজনীতিতে আমি বিশ্বাস করি।

গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, ড. এম এ কাইয়ুম নিয়মিত মাঠে থেকে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন, যা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলছে।