চাঁদা না পেয়ে আদাবরে এমব্রয়ডারি কারখানায় হামলা, গ্রেপ্তার ৩
রাজধানীর আদাবর এলাকায় একটি এমব্রয়ডারি কারখানায় হামলা ও শ্রমিকদের কুপিয়ে আহত করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দেড় শতাধিক মানুষ হামলার বিচারের দাবিতে আদাবর থানা ঘেরাও করলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মূল অভিযুক্ত রাসেল ওরফে কালা রাসেল, তার সহযোগী মারুফ ও হাসান।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী
পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
এমব্রয়ডারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রায়হান জহিরের ভাতিজা মারুফ হাসান সুমন জানান, শনিবার সন্ধ্যায় তার চাচা আবির মোস্তাফিজুর রায়হান জহিরের কারখানায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্যরা আকস্মিক হামলা চালায়। এতে কয়েকজন শ্রমিককে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
জানা গেছে, রাসেল ওরফে কালা রাসেল ঈদ উপলক্ষে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল কারখানায় হামলা চালায়। হামলার সময় শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
থানা ঘেরাও ও মামলা
ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে এমব্রয়ডারি মালিক ও শ্রমিকরা আদাবর থানা ঘেরাও করেন এবং থানার সামনের সড়কে দাঁড়িয়ে সন্ত্রাসীদের বিচারের দাবিতে স্লোগান দেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কারখানার মালিক জহির একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত রাসেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





