বিক্ষোভে উত্তাল পল্লবী
রামিসা হত্যার বিচারের দাবিতে কালশী রোড অবরোধ
রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার (২২ মে) সন্ধ্যায় কালশী রোডের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
সন্ধ্যার পর ফুলকলি ও আধুনিক মোড় এলাকায় সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: শিশু প্রাণঘাতী হাম মহামারি মোকাবিলায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার দাবি
বিক্ষোভে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। এ সময় তারা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’, ‘আমার বোন খুন হলো কেন?’ এবং ‘অপরাধীর আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’—এমন বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয়দের অভিযোগ, বিচারহীনতা ও দীর্ঘসূত্রতার সংস্কৃতির কারণে দেশে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। তারা বলেন, শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত হলে লঞ্চ এখনও স্বস্তির ভ্রমণ
বিক্ষোভকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে মামলার রায় কার্যকরেরও দাবি জানান। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরে মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।





