মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:২১ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অন্যদের আটক করতে গেলে মিছিলকারীদের কয়েকজন একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে বনানী থানাধীন মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটসংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‘জাতীয় স্বাস্থ্য পেশাজীবী ঐক্য’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আসলাম মিয়া (২৫), কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর আশিকুল ইসলাম (২৪), ঢাকার দারুস সালাম এলাকার মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মিরপুর চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারের মনির হোসেন (৪৮)।

পুলিশের দাবি, আসলাম মিয়া ও আশিকুল ইসলাম সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী। তারা কলেজটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে মাহফুজুর রহমান সিয়াম ও মনির হোসেন আওয়ামী লীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: বনশ্রীতে যাত্রা শুরু করলো মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

বনানী থানার পুলিশ সূত্র জানায়, বেলা দেড়টার দিকে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে ৩০ থেকে ৪০ জন সেখানে জড়ো হন। তারা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিনজনকে আটক করা হয়। এর আগে স্থানীয় জনতা একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ জানায়, বাকিদের আটকের চেষ্টা করলে তারা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করা হয়েছে। গণপিটুনিতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের জন্য সেখানে জড়ো হয়েছিলেন। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিলেন। তাদের মধ্যে চারজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বনানী থানা-পুলিশ।