উত্তরার হোটেল কক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরায় একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানাধীন বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটে অবস্থিত হোটেলটির নয়তলার ৯০৫ নম্বর কক্ষে ছিলেন লি শিংচিয়াং। সকালে কক্ষের মেঝেতে তাকে পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়।
আরও পড়ুন: বাড্ডায় ফার্নিচারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করে। পরে মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর লি শিংচিয়াংয়ের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: জিরো পয়েন্ট-বঙ্গভবন এলাকায় ডিএসসিসির অভিযান, জরিমানা ৩২ হাজার টাকা





