লালবাগে পাওনা টাকা চাওয়ায় হত্যা, বালিচাপা অর্ধগলিত মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫৩ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর লালবাগে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শেখ ওয়াসিম রনী (৪৭) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে মো. মাসুম (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তার মাসুমের দেওয়া তথ্যের ভিত্তিতে বালিচাপা অবস্থায় রনীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে বিসি দাস স্ট্রিটের একটি ভবনের নিচতলার সংকীর্ণ করিডোর থেকে লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন: ৩ হাজার টাকার ‘ফ্রি শপিং’ অফার, উদ্বোধনের দিনেই শোরুমে হামলা-লুটপাট

লালবাগ থানা পুলিশ জানায়, শেখ ওয়াসিম রনী নিখোঁজ হওয়ার ঘটনায় গত ৮ সেপ্টেম্বর তার ভাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর তথ্যপ্রযুক্তি ও স্থানীয় বিভিন্ন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশের একাধিক দল। তদন্তের একপর্যায়ে ঘটনার প্রধান সন্দেহভাজন মো. মাসুমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মাসুম রনীকে হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী, প্লাস্টিকের রশি দিয়ে হাত-পা বাঁধা এবং মুখে পলিথিন পেঁচানো অবস্থায় বালিচাপা অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

পুলিশ আরও জানায়, মাসুম তিন মাসের জন্য শেখ ওয়াসিম রনীর কাছ থেকে ৩ লাখ টাকা ধার নিয়েছিলেন। নির্ধারিত সময় পার হলেও টাকা ফেরত না দেওয়ায় রনী পাওনা টাকা চাইতে মাসুমের অফিসে যান। সেখানে মাসুম তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে রনীকে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। পরে হত্যার ঘটনা গোপন করতে অফিসকক্ষের পাশে বালি চাপা দিয়ে লাশ গুম করা হয় বলে জানায় পুলিশ।

এ ঘটনায় লালবাগ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।