রায়পুরে প্রবাসীর ঘরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকার লুট
লক্ষ্মীপুরের রায়পুর পৌর ৮ নম্বর ওয়ার্ডের নতুন মিঝি বাড়িতে সৌদি প্রবাসী নূর আলমের বসতঘরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর, ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে ভবনের ছাদের দেয়াল ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায় চোরের দল।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ঘটনার সময় প্রবাসী নূর আলমের পরিবারের সদস্যরা ঘরের বাইরে ছিলেন। সেই সুযোগে দুষ্কৃতকারীরা ভবনের ছাদের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরের দল আলমারির তালা ভেঙে ভেতরে রাখা ২ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ২০ হাজার টাকা, ব্যাংকের চেক বই, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং জমির মূল দলিলসহ বহু মূল্যবান জিনিসপত্র চুরি করে চম্পট দেয়।
আরও পড়ুন: অপরিকল্পিত উন্নয়নে অস্তিত্ব সংকটে কক্সবাজার সমুদ্র সৈকত
খবর পেয়ে রায়পুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।
প্রবাসী নূর আলমের স্ত্রী বলেন, "আমরা বিশেষ কাজে অল্প সময়ের জন্য ঘরের বাইরে গিয়েছিলাম। রাত ৮টার দিকে ফিরে এসে দেখি ছাদের দেয়াল ভাঙা এবং ঘরের আলমারি তছনছ করা। কষ্টার্জিত ২ ভরি সোনা ও নগদ ২ লাখ ২০ হাজার টাকার পাশাপাশি আমাদের ভবিষ্যতের নিরাপত্তা—এনআইডি কার্ড, ব্যাংকের চেক এবং জমির দলিলপত্রও চোরেরা নিয়ে গেছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। শনিবার সকালে রায়পুর থানায় আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করব। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, চোরদের গ্রেপ্তার করে আমাদের খোয়া যাওয়া মালামাল ও জরুরি কাগজপত্র দ্রুত উদ্ধার করে দিক।"
আরও পড়ুন: নওগাঁয় ২০ হাজার চারা রোপণ, সবুজায়নের গুরুত্ব তুলে ধরলেন পরিবেশ প্রতিমন্ত্রী
স্থানীয় বাসিন্দারা চরম উদ্বেগ প্রকাশ করে জানান, "পৌরসভার ভেতরে রাত ৮টার মতো জনবহুল সময়ে ছাদের দেয়াল ভেঙে চুরির এমন দুঃসাহসিক ঘটনা নজিরবিহীন। এলাকায় চোরচক্রের উপদ্রব দিন দিন বাড়ছে। এ ঘটনার পর থেকে পুরো নতুন মিঝি বাড়ির বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতের বেলা পুলিশের টহল জোরদার এবং এই চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"
ঘটনাস্থল পরিদর্শন শেষে রায়পুর থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশ দল পাঠিয় তদন্ত শুরু করা হয়েছে। আলমারির তালা ও দেয়াল ভাঙার আলামত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





