যাত্রাবাড়ীর থানার সামনেসহ ৪জায়গায় রহস্যজনক ককটেল বিস্ফোরণ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৯ পূর্বাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যাত্রাবাড়ীর থানার সামনেসহ রাজধানীর চারটি এলাকায় পৃথক ঘটনায় আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মালিবাগ, মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে এসব বিস্ফোরণ ঘটে। যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে সন্ধ্যা ৬টার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। একই সময়ে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, অটোরিকশাচালক আহত

এরপর সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে সেখানে তিনটি ককটেল বিস্ফোরণের কথা জানা গেলেও পরে বিভিন্ন প্রতিবেদনে বিস্ফোরণের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যায়।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর জানান, থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে বিষয়টি তদন্ত করছেন। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

এদিকে, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার শরীরের পেছনের দিকে স্প্লিন্টারের আঘাত রয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমে জগন্নাথ হলের গেট এলাকায় পরপর দুটি এবং পরে টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।

একই দিন দুপুরে সুপ্রিম কোর্ট এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাজধানীতে ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টরা কারা এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।