রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর কাফরুলে বাসে আগুন
রাজধানীর কাফরুলে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক পরিবহণের একটি বাসে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও এতে হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
আরও পড়ুন: রাজধানীতে নাশকতা রুখতে পুলিশের দুই শতাধিক চেকপোস্ট
এর আগে শুক্রবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথকভাবে আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগ রেলগেট এলাকায় এবং সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁওয়ে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে যাত্রাবাড়ীর পৃথক দুটি স্থানে চারটি ককটেল বিস্ফোরণ হয়। এতে ব্যাটারিচালিত একটি অটোরিকশার চালক আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, অটোরিকশাচালক আহত
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, প্রথমে যাত্রাবাড়ী থানার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে পথচারীদের ছোটাছুটি করতে দেখা যায়।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, যাত্রাবাড়ীর পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোথা থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের উপ-পুলিশ কমিশনার মীর মহশীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত অটোরিকশাচালকেরও খোঁজ নেন। পরে যাত্রাবাড়ী মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে সন্ধ্যার দিকে মহাখালী ও আগারগাঁওয়ে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের কাছাকাছি সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এছাড়া জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহণের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
একই দিনে রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর কাফরুলে বাসে আগুন দেওয়ার ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।





