আজ থেকে ভোজ্যতেলের নতুন দাম কার্যকর
আমদানিকারক ও বাজারজাতকারীদের চাপে শেষ পর্যন্ত ভোজ্যতেলের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। রোববার (৭ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ভোজ্যতেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বৈঠকের পর নতুন দর নির্ধারণ করা হয়। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে এ দর বৃদ্ধিকে ভোক্তার ওপর বাড়তি চাপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে ভোজ্যতেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নতুন দামের তথ্য জানায়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ টাকায়, আর খোলা সয়াবিনের দাম ১৬৯ টাকা থেকে বেড়ে ১৭৬ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের নতুন দাম করা হয়েছে ৯৫৫ টাকা, যা এতদিন ছিল ৯২২ টাকা। সবচেয়ে বেশি বেড়েছে পামঅয়েলের দাম—লিটারে ১৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা। সোমবার থেকে বাজারে এই নতুন দাম কার্যকর হবে।
আরও পড়ুন: ২ কোটি লি. সয়াবিন তেল আনছে সরকার: টিসিবি বিক্রি করবে ১৭৯ টাকা
গত সপ্তাহ থেকেই ব্যবসায়ীরা কোনো ঘোষণা ছাড়াই ভোজ্যতেলের দাম নীরবে বাড়িয়ে দেন। তখন তারা বোতলজাত সয়াবিনের লিটারপ্রতি দাম ১৯৮ টাকা, পাঁচ লিটারের বোতল ৯৬৫ টাকা, খোলা সয়াবিন ১৭৯ টাকা এবং পামঅয়েল ১৬৯ টাকা নির্ধারণ করে বাজারে ছাড়েন। এসব দরে বাজারে সরবরাহও শুরু হয়।
আরও পড়ুন: তিন দফা বৃদ্ধির পর কমলো জেট ফুয়েলের দাম
প্রতিবছর রমজানের আগে ব্যবসায়ীরা কৌশলে দাম বাড়ান বলে অভিযোগ করে আসছে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ভোক্তারা এমনিতেই মূল্যস্ফীতির চাপে দিশেহারা। এবার ভোজ্যতেলের নতুন দর বৃদ্ধি কম আয়ের মানুষের ওপর আরও বাড়তি চাপ তৈরি করবে।





