আবারও ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০২ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:০২ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৫ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম–৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৬৬ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ০৩৮ মিলিয়ন ডলার।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম বাড়লো

এর আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি দিন শেষে রিজার্ভ ৩৫ দশমিক ০৪ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। আরও আগে ২০২০ সালের জুনে প্রথমবারের মতো এ মাইলফলক অতিক্রম করে বাংলাদেশ, যখন করোনা মহামারির সময় আন্তর্জাতিক যাতায়াত সীমিত থাকায় প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রিজার্ভ বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের সরবরাহ স্থিতিশীল থাকা। চলতি এপ্রিল মাসেও প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাযা সম্পন্ন

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৫ এপ্রিল পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৭৮৮ মিলিয়ন ডলার। এর মধ্যে একদিনেই এসেছে ১৮১ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় প্রায় ২১ দশমিক ৫ শতাংশ বেশি।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের ১৫ এপ্রিল পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৯৬ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ দশমিক ৪ শতাংশ বেশি।

এদিকে বাজারে ডলারের অতিরিক্ত সরবরাহ নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক নিয়মিত ডলার কেনার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ১৬ এপ্রিল চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কেনা হয়েছে, যেখানে কাট-অফ রেট ছিল ১২২ দশমিক ৭৫ টাকা। চলতি এপ্রিল মাসে মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২০ মিলিয়ন ডলার।