ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আফতাব আলম খানের ইন্তেকাল, উপাচার্যের শোক

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ন, ০৫ মে ২০২৬ | আপডেট: ৫:৩২ অপরাহ্ন, ০৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আফতাব আলম খান আর নেই। বার্ধক্যজনিত কারণে গত রোববার (৩ মে) রাজধানীর নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ড. আফতাব আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, ড. খান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। শিক্ষা ও গবেষণায় তাঁর অসামান্য অবদান বিশ্ববিদ্যালয় পরিবার চিরদিন স্মরণ করবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন: আইএসডি অ্যালামনাই সামিট ২০২৬, তরুণ উদ্যোক্তাদের জন্য অভিজ্ঞতার মঞ্চ

উল্লেখ্য, ড. আফতাব আলম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ১৯৯৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ইরাকের সুলায়মানিয়াহ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক এবং ১৯৮৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সমানভাবে সক্রিয় ছিলেন। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত মালয়েশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৮ সাল থেকে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি ও হাইড্রোগ্রাফি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: কাঁকশিয়ালীর নতুন সভাপতি তানিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল

মরহুমের জানাজা শেষে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।