যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ন, ০৫ মে ২০২৬ | আপডেট: ২:৪০ অপরাহ্ন, ০৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের ব্রেন্ডন লিঞ্চ-এর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, আন্তর্জাতিক যে কোনো চুক্তি দুই পক্ষের স্বার্থ বিবেচনায় ‘উইন-উইন’ ভিত্তিতে গঠিত হয়। তাই এ নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।

আরও পড়ুন: শাপলা চত্বরের ঘটনায় ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

মন্ত্রী বলেন, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়, বরং এটি রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে পেয়েছে। রাষ্ট্রীয় চুক্তি ব্যক্তিগত সিদ্ধান্তে বাতিলযোগ্য নয়, বরং তা দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজে লাগানো হবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, যার বিষয়ে বাংলাদেশ ব্যাখ্যা দিয়েছে এবং নিজেদের অবস্থানও তুলে ধরেছে। তিনি বলেন, বিদ্যমান চুক্তির প্রেক্ষাপটে এ ধরনের তদন্ত না হলে তা আরও ইতিবাচক হতো।

আরও পড়ুন: সীমান্তে পুশইন হলে ব্যবস্থা, চীন সফরে তিস্তা প্রকল্প আলোচনায়: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প সম্পর্কে তিনি বলেন, দেশ কোনো পণ্যে ডাম্পিং করে না এবং অধিকাংশ পণ্যই আমদানি নির্ভর। গার্মেন্টস খাত কঠোর আন্তর্জাতিক কমপ্লায়েন্স মেনে চলে এবং সেখানে শিশুশ্রম বা শ্রম আইন লঙ্ঘনের সুযোগ নেই।

মন্ত্রী আরও বলেন, যেকোনো চুক্তিতে সংশোধনের সুযোগ থাকে। যদি কোনো ধারা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয়, তা আলোচনার মাধ্যমে সমন্বয় করা সম্ভব।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।