বাহরাইনে মার্কিন ঘাঁটি ও শিল্পকারখানায় ইরানের হামলা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এতে স্থাপনাটিতে আগুন ধরে যায় এবং কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ঘটনাটিকে ‘ইরানের আগ্রাসন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলার সময় ইরানের ছোড়া বেশ কয়েকটি আকাশপথে আসা অস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় স্থাপনার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা দল। তবে ক্ষতিগ্রস্ত শিল্প স্থাপনাটির নাম বা অবস্থান প্রকাশ করা হয়নি।
এর আগে বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। এ সময় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: মেক্সিকান মাদকসম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত ১১
হামলার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযান চালানো হয়েছে।
আইআরজিসির দাবি, ওই দুই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করা হয়েছে। ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে চলমান আগ্রাসনের জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সংস্থাটির ভাষ্য, যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ মডেলের দুটি গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশের পর আইআরজিসির মহাকাশ বাহিনী এ হামলা চালায়।
এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছিল, বাহরাইনের শেখ ইসা ও জুফেইর এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ আরও জানিয়েছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে বিধ্বস্ত হয়ে বড় ধরনের আগুনের সূত্রপাত ঘটায়। বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে তারা এ তথ্য জানায়। ওই প্রতিবেদনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বারবার দেখা দেওয়া ত্রুটিকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি একাধিকবার হামলার শিকার হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতেও কয়েক দফা ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
ইরানের হামলার নিন্দা জানাল উপসাগরীয় দেশগুলো
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘের ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নে তেহরানের ওপর চাপ প্রয়োগের দাবি জানিয়েছে দেশটি।
গত ১১ মার্চ গৃহীত ওই প্রস্তাবে উপসাগরীয় দেশগুলো ও জর্ডানের ওপর ইরানের হামলার নিন্দা জানানো হয়। পাশাপাশি অবিলম্বে শত্রুতা বন্ধ এবং সমুদ্রপথে হস্তক্ষেপ বন্ধের দাবি জানানো হয়েছে।
এদিকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন।
তিনি বলেন, বাহরাইনের নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা, স্থাপনা, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা জিসিসিভুক্ত দেশগুলোর সামগ্রিক নিরাপত্তার অংশ। সদস্য দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো হুমকি মোকাবিলায় পরিষদ ঐক্যবদ্ধ রয়েছে।
বাহরাইনের ওপর হামলার জবাব দিতে দেশটি যেসব পদক্ষেপ নেবে, সেগুলোর প্রতিও জিসিসি সমর্থন জানাবে বলে উল্লেখ করেন মহাসচিব।
সূত্র: আলজাজিরা





