পদত্যাগ করলেন মার্কিন সাইবার পরিচালক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ছেন দেশটির জাতীয় সাইবার পরিচালক শন কেয়ার্নক্রস। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা আনাদোলুকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্বে আরও দুই বছর থাকতে আগ্রহী নন কেয়ার্নক্রস। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে স্পষ্ট বার্তা জানায়নি ভারত
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই তাঁর উত্তরসূরির নিয়োগে সিনেটের অনুমোদন নিশ্চিত করার সুযোগ দিতে তিনি দায়িত্ব ছাড়ছেন। তাঁর বিদায়কে সৌহার্দ্যপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে।
তবে কেয়ার্নক্রস ঠিক কবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন এবং তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।
আরও পড়ুন: ওডিশার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’
কেয়ার্নক্রস যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার পরিচালকের কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সাইবার নিরাপত্তা নীতি ও কৌশল সমন্বয়ের দায়িত্ব এ কার্যালয়ের। এ পদে নিয়োগ পেতে সিনেটের অনুমোদন প্রয়োজন হয়।
২০২৫ সালের আগস্টে সিনেটে ৫৯-৩৫ ভোটে তাঁর নিয়োগ অনুমোদিত হয়। এর মধ্য দিয়ে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সিনেটের অনুমোদন পাওয়া প্রথম সাইবার নিরাপত্তা কর্মকর্তা হন তিনি। এর আগে এ পদে দায়িত্ব পালন করেন হ্যারি কোকার।
ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের চিফ অব স্টাফের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন কেয়ার্নক্রস। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর তাঁর প্রশাসন ছাড়ার খবর সামনে এলো। ওই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারায় রিপাবলিকানরা।
এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ব্যাংক, বিমান চলাচল এবং ফেডারেল নেটওয়ার্কে একাধিক প্রযুক্তিগত ও সেবা বিপর্যয়ের ঘটনায় দেশটির সাইবার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে উদ্বেগ ও নজরদারি বেড়েছে।
অন্যদিকে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির (সিআইএসএ) প্রধান পদে ট্রাম্পের মনোনীত প্রার্থী মাইকেল লোসাপিও বৃহস্পতিবার সিনেটের শুনানিতে আইনপ্রণেতাদের প্রশ্নের মুখে পড়েন। সংস্থাটির জনবল, প্রয়োজনীয় সম্পদ এবং নতুন ধরনের সাইবার হুমকি মোকাবিলার সক্ষমতা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীন সিআইএসএ ফেডারেল বেসামরিক নেটওয়ার্ক সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে সাইবার হামলা থেকে রক্ষায় কাজ করে।
সূত্র: আনাদোলু এজেন্সি





