সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গণভোট-সংক্রান্ত সচেতনতা কার্যক্রম জোরদার করতে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
নির্দেশনায় জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই ২০২৫ সালের জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ গণভোট সম্পর্কে ভোটারদের সচেতন করতে সরকার সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে গণভোটের লোগো ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে।
আরও পড়ুন: দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা
মাউশির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের পূর্ব পর্যন্ত সকল সরকারি পত্রাচার—যেমন পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্র—এ গণভোটের লোগো ব্যবহার করতে হবে। লোগোর স্বচ্ছ কপি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। একই সঙ্গে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন স্থানে দুটি করে খাড়া ব্যানার প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।
অন্যদিকে, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সভা-সমাবেশ এবং নির্বাচনী প্রচারণা কঠোরভাবে নিষিদ্ধ করেছে মাউশি। নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।





