ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর আলোচনা

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:০৮ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল।

বুধবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের ‘জাতীয় শিক্ষা ব্যবস্থা সমন্বয় বিভাগ’-এর উপ-পরিচালক জার্মান দিমিত্রিভিচ জুবোভিচ এবং ‘আন্তর্জাতিক সহযোগিতা কেন্দ্র’-এর উপদেষ্টা আলেকজান্ডার ভ্যাসিলিভিচ পারকিন।

আরও পড়ুন: ঢাবির বাসে আন্দোলনকারী গার্মেন্টস শ্রমিকদের হামলা

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান শিক্ষা ও গবেষণা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় নয় মাস মেয়াদি বিনা মূল্যের রুশ ভাষা শিক্ষা কোর্স চালুর সম্ভাবনা নিয়েও কথা বলেন তাঁরা।

এ সময় আধুনিক ভাষা ইনস্টিটিউটে রুশ ভাষা পাঠদানের জন্য ‘রাশিয়ান টিচার্স অ্যাব্রড’ প্রকল্পের আওতায় রাশিয়া থেকে প্রশিক্ষক বা মাতৃভাষী শিক্ষক পাঠানোর আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা। তাঁদের মতে, এ উদ্যোগ রুশ ভাষার প্রসারের পাশাপাশি বাংলাদেশে নতুন রুশ ভাষার শিক্ষক তৈরিতেও ভূমিকা রাখবে।

আরও পড়ুন: এইচএসসির বিশেষ পরীক্ষার্থীরা এবার ঢাবির ভর্তি পরীক্ষায় বসতে পারবেন না

প্রতিনিধিদল আরও জানায়, এ প্রকল্পের মাধ্যমে সরকারি বৃত্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হতে পারে। পাশাপাশি রুশ ভাষায় দক্ষতা অর্জন করলে বাংলাদেশি কর্মীদের রাশিয়ায় তুলনামূলক ভালো বেতনে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।

সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। শিক্ষা ও গবেষণার মাধ্যমে এ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহও জানান তিনি।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আরও বেশি যৌথ একাডেমিক ও গবেষণা কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করায় প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

সাক্ষাৎকালে ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খেলভনয়, সাংস্কৃতিক কর্মসূচি বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মণ এবং দূতাবাসের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।