এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ১০:০৪ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারা দেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের অভিযোগে দেশের বিভিন্ন কেন্দ্রে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো পরীক্ষক বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজীদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিদেশের আটটি কেন্দ্র ছাড়া দেশের সব কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়।

আরও পড়ুন: জাতীয় কবি’র ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আমিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে পরীক্ষার প্রথম দিনের সার্বিক তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন। এর মধ্যে ১ হাজার ৬২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ১ শতাংশ।

আরও পড়ুন: গবেষণায় অবদানের স্বীকৃতি, ঢাবির ৬২ শিক্ষক-গবেষককে সম্মাননা

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ জন। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল শিক্ষা বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

বোর্ডভিত্তিক অনুপস্থিতির হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে, যেখানে পরীক্ষায় অংশ নেননি ৩ হাজার ৯৭১ জন। এছাড়া রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭ জন, যশোরে ২ হাজার ৭৮ জন, দিনাজপুরে ১ হাজার ৯৩৭ জন, কুমিল্লায় ১ হাজার ৭৯৫ জন, বরিশালে ১ হাজার ৩৪৬ জন, চট্টগ্রামে ১ হাজার ৩৪০ জন, ময়মনসিংহে ১ হাজার ১৮২ জন এবং সিলেট বোর্ডে ১ হাজার ১২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজীদ পরীক্ষায় মোট ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ হাজার ৬৫৩ জন ৪৬০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন, যা মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ২৬ শতাংশ। এ বোর্ডে নকলের দায়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষায় মোট ৮৩ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ হাজার ৬০৩ জন ৬১১টি কেন্দ্রে অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন, যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ৬৭ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডেও অসদুপায়ের দায়ে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

সব মিলিয়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১০ লাখ ১২০ জন। শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, প্রথম দিনের পরীক্ষা সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।