ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবির বিজয় একাত্তর হলে গঠিত হচ্ছে ফিল্ম ক্লাব

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:০৭ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে শিক্ষার্থীদের সৃজনশীলতা, চলচ্চিত্রবোধ ও সাংস্কৃতিক চর্চার বিকাশের লক্ষ্যে ‘বিজয় একাত্তর হল ফিল্ম ক্লাব’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজয় একাত্তর হল সংসদের কার্যনির্বাহী সদস্য ও হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহনাফ আহমেদ রাফির উদ্যোগে ক্লাবটি গঠিত হচ্ছে। ইতোমধ্যে হল প্রভোস্ট ক্লাবটির অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে আহনাফ আহমেদ রাফি বলেন, “দীর্ঘ প্রচেষ্টার পর বিজয় একাত্তর হলের সংস্কৃতিমনা শিক্ষার্থীদের সহযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, চলচ্চিত্রবোধ ও সাংস্কৃতিক চর্চার বিকাশের লক্ষ্যে ‘বিজয় একাত্তর হল ফিল্ম ক্লাব’ গঠন করেছি। ইতোমধ্যে আমাদের প্রভোস্ট স্যার ক্লাবটির অনুমোদন দিয়েছেন।”

আরও পড়ুন: ঢাবিতে খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষা ও অধ্যাত্মচেতনা নিয়ে সেমিনার

তিনি আরও বলেন, “হলের যেসব শিক্ষার্থী নিয়মিত চলচ্চিত্র দেখেন কিংবা চলচ্চিত্রের প্রতি আগ্রহ ও ভালো ধারণা রাখেন, তাদের ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। সবার পরামর্শ ও সহযোগিতায় প্রতি সপ্তাহে হলের অডিটোরিয়াম অথবা হল গেটে প্রজেক্টরের মাধ্যমে আলোচিত, ঐতিহাসিক ও কাল্ট-ক্লাসিক চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করতে চাই। পাশাপাশি চলচ্চিত্রকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি করাও আমাদের অন্যতম লক্ষ্য।”

ক্লাবের গঠনতন্ত্র, কার্যক্রম ও সদস্য হওয়ার নিয়মাবলি পরবর্তীতে জানানো হবে উল্লেখ করে রাফি বলেন, “ক্লাবটি গঠনে সার্বিক সহযোগিতা করেছেন তানভীর আল হাদী মায়েদ ভাই। আমরা আশা করি, বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, পরামর্শ ও সহযোগিতায় ক্লাবটি একটি প্রাণবন্ত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।”

আরও পড়ুন: ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক তাহ্সিনা রহিমের ইন্তেকাল, উপাচার্যের শোক

হলকেন্দ্রিক এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন হলের শিক্ষার্থীরাও। হলের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রকেন্দ্রিক নানা ধরনের সংগঠন থাকলেও হলভিত্তিক এ ধরনের পরিকল্পনা একেবারেই নতুন। আশা করি, এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন ধরনের চলচ্চিত্র দেখবে এবং বিভিন্ন দেশের জীবনবোধ, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। চলচ্চিত্রের মাধ্যমেই তারা নিজেদের জীবনদর্শনকে আরও সমৃদ্ধ করতে পারবে।”

হল প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ক্লাবটির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আহনাফ আহমেদ রাফি।