সিইসির সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ছয় সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশনের পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন: জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপর গণভোটের পরিকল্পনা
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন আগামীর জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি হিসেবে বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। এর অংশ হিসেবেই আজকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এর আগে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক টিম আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে।
আরও পড়ুন: পেছাচ্ছে ইউপি নির্বাচন, জানুয়ারিতে ভোটের পরিকল্পনা





