ইসির নতুন প্রজ্ঞাপন: ভোটকেন্দ্রে যাদের মোবাইল নেওয়ার অনুমতি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৩২ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের বিষয়ে পূর্বের নিষেধাজ্ঞা শিথিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে কমিশন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি, তফসিল ঘোষণার প্রস্তুতি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট কিছু ব্যক্তি, সাংবাদিক, পর্যবেক্ষক, প্রার্থী ও ভোটাররা মোবাইল ফোন সঙ্গে রাখতে ও ব্যবহার করতে পারবেন।

অনুমোদিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের পুলিশ ইনচার্জ, ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারের জন্য নির্ধারিত দুইজন আনসার সদস্য, নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনরত দেশি ও বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট এবং ভোটাররা।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এখনো হয়নি, স্থানীয় নির্বাচনও সরকারের নির্দেশের অপেক্ষায় ইসি

তবে ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে গোপন কক্ষ বা মার্কিং প্লেসে কেউই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ভোটগ্রহণের কাজে নিয়োজিত সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং এজেন্ট এবং নির্দিষ্টভাবে অনুমোদিত পুলিশ ও আনসার সদস্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কোনো সদস্য ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না।

প্রজ্ঞাপনে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।